নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এর অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটালে নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনাসহ পানি, বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্নে কোনো আইনী বাধা নেই।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি,২০২৬ ইং) রোজ মঙ্গলবার, মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের এক রায়ে গত ১৭.১২.২০২৫ তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগের জারিকৃত রাজউক এর নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা থেকে বিরত থাকার নির্দেশটি স্থগিত করা হয়েছে। এর ফলে রাজউক অনুমোদিত এলাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন স্থাপনা সমূহে মোবাইল কোর্ট পরিচালনা এবং বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আর কোনো আইনী বাধা রইলো না।
উল্লেখ্য, গত ১৭/০৪/২০২৫ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় যে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক নিয়ন্ত্রিত এলাকায় নকশার ব্যত্তয় ঘটিয়ে অবৈধ ভবন নির্মাণের ক্ষেত্রে নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পরবর্তীতে গত ০৭/১২/২০২৫ইং তারিখে রিহ্যাব (REHAB) কর্তৃক রীট পিটিশন নং ২১১৭১/২০২৫ দায়ের করা হলে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ গত ১৭/১২/২০২৫ইং তারিখে একটি রুল নিশি জারি করেন এবং একই সাথে একটি অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ প্রদানের মাধ্যমে রাজউকসহ সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাজউক নিয়ন্ত্রিত এলাকার নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করেন।
এই অবস্থায় মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশকে চ্যালেঞ্জ করে রাজউক কর্তৃক সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ৪১৮/২০২৬ দায়ের করা হয়। যার প্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত অদ্য ০৩/০২/২০২৬ইং তারিখের আদেশের মাধ্যমে মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশটি স্থগিত করেন। রাজউকের পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার ওমর সাদাত, সিনিয়র অ্যাডভোকেট।
এর ফলে রাজউক কর্তৃক নিয়ন্ত্রিত এলাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণের ক্ষেত্রে নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পানি, গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষেত্রে রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর কোন আইনী বাধা রইলো না।